‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করে মোটরসাইকেল নিবন্ধনের জন্য এটি সারাদেশে সাত জেলায় চালু করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে।

এছাড়া রাজধানীতে ১১টি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এই স্টেশনগুলো হলো- শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, এয়ারপোর্টের মাসুদ হাসান, তেজগাঁওয়ের সততা অ্যান্ড কোম্পানি, কামাল ট্রেডিং, সিটি ফিলিং স্টেশন, মিরপুর ইব্রাহিমপুরের দিগন্ত, গাবতলীর এস.পি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রিন, মিরপুর-২-এর স্যাম অ্যাসোসিয়েটস এবং মিরপুর কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।

আগে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছিল এবং পরে আরও কয়েকটি স্টেশনে এটি চালু করা হয়েছে। বর্তমানে ঢাকায় মোট ১৮টি পাম্পে অ্যাপটি চালু হয়েছে।

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোটরসাইকেলগুলো জ্বালানি নিতে পারবে। সফল পাইলটিং শেষে অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।

আরও পড়ুন