বাংলাদেশি জাহাজের হরমুজ পার হওয়ার চেষ্টা, যা জানালেন মন্ত্রী

বাংলাদেশি জাহাজের হরমুজ পার হওয়ার চেষ্টা, যা জানালেন মন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।’

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, যার প্রমাণ হিসেবে বিভিন্ন স্থানে হাজার হাজার লিটার ডিজেল মজুতের ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

শেখ রবিউল আলম আরও বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তারপরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন ও সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন