বজ্রপাতে সুনামগঞ্জে একদিনে ৫ জনের মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জে একদিনে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে পৃথক এলাকায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা জানান, উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান বাড়ির পাশের টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। অপরদিকে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকানোর সময় বজ্রপাতে রহমত উল্লাহ মারা যান। এ সময় তার বাবা এবং একই গ্রামের শিখা মনি গুরুতর আহত হন।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী মিয়া জানান, সদর ইউনিয়নের চানপুর গ্রামের নুরুজ্জামান পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এবং তার চাচাতো ভাই তোফাজ্জল গুরুতর আহত হয়েছেন।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় কৃষক আবুল কালাম বজ্রপাতে মারা যান বলে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন। দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে ধান কাটতে গিয়ে কৃষক লিটন মিয়া বজ্রপাতে মারা যান বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানিয়েছেন।

আরও পড়ুন