প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার দুই মাস পূর্ণ করেছে। স্বচ্ছ ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন। সরকার বিরোধী দলের গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা করে।’
মাহদী আমিন জানান, সরকার প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।
কৃষকদের জন্য কৃষক কার্ডের আওতায় ১০টি সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে ইমাম, পুরোহিত ও যাজকদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারি শূন্য পদ পূরণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছেন এবং ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
