ব্রাহ্মণবাড়িয়ায় ইসহাকের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসহাকের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাতকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে এলাকাবাসী অভিযুক্ত ইসহাক মিয়ার বাড়িতে আগুন দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিশাত হত্যার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় বিরাজমান চরম উত্তেজনার জেরে ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে এই হামলা ও অগ্নিসংযোগ চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তেজিত জনতার দেওয়া আগুনে অভিযুক্তের ঘরের ভেতরের একটি অটোরিকশাসহ আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এমন ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে জানান তারা। উল্লেখ্য, এর আগেই শিশু নিশাতকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত প্রতিবেশী ইসহাক মিয়াকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন