রাজধানীতে সতর্ক দৃষ্টিতে হল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

রাজধানীতে সতর্ক দৃষ্টিতে হল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

রাজধানীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. মিলন।

আজ (১৮ এপ্রিল) শনিবার সকালে পরীক্ষা শুরু হওয়ার পর তিনি সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। মন্ত্রীর আচরণ উপস্থিত সংশ্লিষ্টদের নজর কেড়েছে, কারণ তিনি হলের বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে পরীক্ষা কার্যক্রম প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। শিক্ষামন্ত্রী জানান, রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সূচি অনুযায়ী, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন