ব্র্যাক ব্যাংকে সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ

ব্র্যাক ব্যাংকে সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ

ব্র্যাক ব্যাংক তাদের সহকর্মীদের লেখা নিয়ে ‘কথামালা’ নামক একটি ইন-হাউস সাহিত্য সাময়িকী প্রকাশ করেছে। শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

এটি ব্যাংকিং খাতে একটি নতুন উদ্যোগ, যা কর্মক্ষেত্রে গল্পবলার দক্ষতা ও শিল্প-সাহিত্যের চর্চা লালন করতে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে তুলে ধরছে। ‘কথামালা’ হলো একটি সাহিত্যিক প্ল্যাটফর্ম, যেখানে ব্যাংকের সহকর্মীদের ভাবনা প্রকাশ পেয়েছে।

সাহিত্য সাময়িকীর মাধ্যমে সহকর্মীরা ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনীসহ বিভিন্ন সাহিত্যধারার মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে পারবেন। এই উদ্যোগটি প্রতিষ্ঠানে একটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ কর্মসংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।

এর আগে, ব্যাংকটির অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম রিডিং ক্যাফের উদ্যোগে সহকর্মীদের লেখা নিয়ে অমর একুশে বইমেলায় ‘প্রতিস্বর’ নামক একটি বই প্রকাশিত হয়েছিল। এটি ছিল বাংলাদেশের ব্যাংক খাতের রিডিং ক্লাব সদস্যদের লেখা প্রথম বই।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তারেক রেফাত উল্লাহ খান মন্তব্য করেন, কথামালা আমাদের সম্মিলিত বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতিফলন। তিনি বলেন, ‘আমরা একটি আদর্শ কর্মপরিবেশ তৈরির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সহকর্মীরা পেশাগত ও ব্যক্তিগত ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করতে পারেন।’

তিনি আরো জানান, সহকর্মীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের সাহিত্যিক ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করে ব্যাংকটি এমন জনবল গড়ে তুলছে, যারা পেশাদার জীবনের পাশাপাশি সৃজনশীল সমাজ গঠনে অবদান রাখবে।

আরও পড়ুন