জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নতুন ঘোষিত দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তিনি সতর্ক করেছেন যে, এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহণ ব্যয় বেড়ে যাবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর প্রভাব ফেলবে। এর ফলে খাদ্যপণ্যসহ সব ধরনের দ্রব্যের দাম বাড়বে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও জানান, জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে এবং মূল্যস্ফীতি বাড়াতে পারে। কৃষি খাতেও এর বিরূপ প্রভাব পড়বে, কারণ সেচ, পরিবহণ ও কৃষি উপকরণের খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে। এই অবস্থায় খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন