নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত একদল সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে ঢুকে তার ওপর হামলা চালায়।
পুলিশ জানায়, স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যক্ষের দ্বন্দ্ব রয়েছে, যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, সকালে তিনি কলেজে গিয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় একদল বহিরাগত সন্ত্রাসী তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
সন্ত্রাসীরা অধ্যক্ষকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। হামলাকারীদের নাম-পরিচয় বা হামলার কারণ সম্পর্কে অধ্যক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তিনি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একই সন্ত্রাসী চক্র এই কলেজে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যক্ষের দ্বন্দ্ব রয়েছে বলে আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
