প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে তার পৈতৃকভিটা বগুড়া আসছেন। এ সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার এবং পরিষ্কার করা হয়েছে।
প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান সোমবার সকাল ৬টায় গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হবেন।
বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টার দিকে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, এবং দুপুর পৌনে ১টার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
এছাড়া, দুপুর ১টার দিকে শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, দুপুর পৌনে ২টার দিকে নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন। বিকাল ৪টায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন।
বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া প্রেস ক্লাবের ‘নতুন ভবন’ উদ্বোধন এবং বিকাল ৫.৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন। দিনশেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন, পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রা বিরতি করবেন।
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ‘ঘরের ছেলে’ আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন, যা আমাদের আবেগের বিষয়। বগুড়া তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত।
