জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন দল ও সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী যোগদান করেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আবদুল হক, ইউনাইটেড পিপলস বাংলাদেশের সভাপতি আলী হাসান জুনায়েদ ও মুখপাত্র শেহরিন সুলতানা ইরা।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাইয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক হয়েছিলাম। সেই আকাঙ্ক্ষা থেকেই এখন আবার তরুণদের শক্তি একত্রিত হচ্ছে।’ তিনি জানান, বিকেলের মধ্যেই নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন করা হবে।
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনে গণভোট ও জনগণের রায় উপেক্ষা করা হয়েছে। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতা ছড়িয়ে পড়ছে। একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’
নাহিদ ইসলাম যোগ করেন, ‘কে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ থেকে এনসিপিতে এলো, সেটি আমাদের জন্য মূল বিষয় নয়। তারা এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবে।’
