প্রধানমন্ত্রী যশোর ও সিলেট সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী যশোর ও সিলেট সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাচ্ছেন। তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন, এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। আসন্ন বন্যা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে।

এদিন বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসেন তিনি। বিকেল তিনটায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তৃণমূল পর্যায়ে পানিনিষ্কাশন ও কৃষিকাজের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কর্মসূচি জোরদার করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে যশোর ও সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন