ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনের বিপরীতে এককভাবে ১২টি সংরক্ষিত আসন পাবে, তবে তারা নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন পাচ্ছে জোটের শরিক এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
১১ দলের মনোনীত ১৩ নারী উচ্চশিক্ষিত এবং মেধাবী, যাদের সাংগঠনিক যোগ্যতা ও ভাষার দক্ষতা রয়েছে। তারা সংবিধান, আইন ও চলমান রাজনীতি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন।
দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলের অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কোনো নেতার কোটা রাখা হয়নি।
দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী এমপি থাকলেও তাকে বাদ দেওয়া হয়েছে। মীর কাসেম আলির মেয়ে সুমাইয়ার নাম এলেও তাকে চূড়ান্ত পর্যায়ে বাদ দেওয়া হয়েছে, কারণ তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য।
