কুয়েতে জেল খেটে দেশে ফিরে যুবকের মৃত্যু

কুয়েতে জেল খেটে দেশে ফিরে যুবকের মৃত্যু

কুয়েতে জেল খেটে দেশে ফিরে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার বুকে ব্যথা শুরু হয়। পরে বিমানবন্দরের পুলিশ সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত নুরুল ইসলাম সাগর (৩৫) পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চিথলিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন।

সাগরের পরিবার সূত্র জানায়, গত বছরের আগস্টে ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে কুয়েত যান সাগর। বৈধ কাগজপত্র না থাকায় সেখানে আটক হন তিনি এবং ১৫ দিন কারাগারে থাকেন। কারাভোগ শেষে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

সাগরের বাবা মো. শাহজাহান ডেইলি স্টারকে বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঢাকায় গিয়ে ছেলের মরদেহ গ্রহণ করি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বিমানবন্দর পুলিশের তথ্যের ভিত্তিতে সাগরের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়। পরিবারের সদস্যরা সাগরের মরদেহ গ্রহণ করেছে।

আরও পড়ুন