বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল হোসেন

বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল হোসেন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে তাকে ক্রেস্ট ও বাংলাদেশের তিন ফরম্যাটের জার্সি তুলে দেওয়া হয়। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে রুবেল হোসেন কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গ্রাউন্ডসকর্মী থেকে শুরু করে সব কোচকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা আমাকে অত্যধিক সমর্থন দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং আমার পাশে ছিলেন।’

তিনি ভক্তদের প্রতি বলেন, ‘আপনারা আমার সঙ্গে যেভাবে ছিলেন, শেষ জীবন পর্যন্ত আপনারা পাশে থাকবেন-এটা আমার অনুরোধ।’

রুবেল হোসেন ২০০৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক করেন। তিনি ২৭ টেস্টে ৩৬, ১০৪ ওয়ানডেতে ১২৯ এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আজ তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন রুবেল, উইকেটে গিয়ে চুমু খেয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, ‘আমি ১২-১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। মিরপুর স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক ভালো-মন্দ স্মৃতি জড়িত। তাই আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক।’

এদিকে, রুবেল হোসেন জানান, তিনি আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলবেন এবং কোচিং করার পরিকল্পনা নিয়ে ভাবছেন। তিনি বলেন, ‘কোচিংয়ে আসার পরিকল্পনা নিয়ে এখনো সেভাবে ভাবিনি। তবে সতীর্থরা, অনেক সিনিয়রও বলেছেন কোচিংয়ে আসতে। ইনশাল্লাহ এটা নিয়ে চিন্তা করব।’

আরও পড়ুন