এনসিপি মুখপাত্রের সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ

এনসিপি মুখপাত্রের সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। উভয়পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শুভকামনার আশাবাদ প্রকাশ করা হয়। মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি জানান, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন। মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথা জানান।

নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সেই বিষয়েও দোয়া নেওয়া এ সফরের একটি উদ্দেশ্য ছিল। এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে কাজ চলছে এবং নতুন অনেকেই দলে যুক্ত হচ্ছেন।

এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, সাক্ষাতের সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শেষে মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা একটি বই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন