নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গত রোববার রাতে আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
ভুক্তভোগী শিশুর মা এ বিষয়ে আড়াইহাজার থানায় সোমবার (২০ এপ্রিল) মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকাল ৩টার দিকে স্থানীয় এক কিশোর শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আমগাছের নিচে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির দাদি সন্ধ্যায় বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশুটি তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশুটি ঘটনার কথা খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেফতারের পর তদন্ত শুরু হয়েছে।
