গাজীপুর সদর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—রেবা (৪৫), তপোরা (৪০), শিল্পী (৩৫), রুমা (৩০), আজিজুল হক (৩০) ও শারমিন (২২)।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকায় প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শ্রমিকরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
এ সময় তারা কারখানার প্রধান ফটক এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে সংঘর্ষের সৃষ্টি হয়। আহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিক পায়ে ও বিভিন্ন স্থানে জখম নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। তবে তিনি কতজন আহত হয়েছে তা জানাতে পারেননি। মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আসাদুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস বিল বকেয়া থাকার কারণে গত ২ এপ্রিল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যা উৎপাদনে বাধা সৃষ্টি করে এবং মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি।
