জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিজয়নগর উপজেলার নাদিয়া পাঠান পাপন। সম্প্রতি তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে, এ বিষয়ে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন নাদিয়া পাঠান পাপনকে নিয়ে চলমান বিতর্কের সমালোচনা করেন। তিনি লিখেছেন, “ঢাকার বুকে যে অল্প ক’জন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতেন, পাপন আপা তাদের একজন।”
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ নেত্রীর মেয়ে গণঅভ্যুত্থানের সময় লাঠি হাতে কী করে—এ ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, যা বাস্তবতা যাচাই না করেই করা হচ্ছে। তার মতে, কিছু গণমাধ্যম শুধু পারিবারিক পরিচয় খুঁজে বের করলেও সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ইতিহাস তুলে ধরতে ব্যর্থ হচ্ছে।
তিনি দাবি করেন, নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। স্ট্যাটাসের শেষে তিনি পাপনের প্রতি শুভকামনাও জানান।
