জাপানে সামরিক প্রশিক্ষণের সময় একটি ট্যাংকের গোলা বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। দুর্ঘটনাটি ঘটেছে জাপানের দক্ষিণ-পশ্চিমের কিইউশু দ্বীপের ওইতা প্রিফ্যাকচারে, যেখানে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স (এসডিএফ)-এর সামরিক প্রশিক্ষণ চলছিল।
প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, ‘ট্যাংকের ভেতর গোলা বিস্ফোরিত হয়ে তিন ক্রু নিহত ও অপর একজন আহত হন।’ তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানান।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জিএসডিএফ ইউনিটের সেনারা টাইপ ১০ ট্যাংক ব্যবহার করে নিশানায় লক্ষ্যভেদের প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সময় সকাল ৮টা ৪০ এর দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জিএসডিএফের এক নারী সদস্যকে চিকিৎসার জন্য মেডিকেল হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীও মহড়ায় অংশ নিয়ে থাকে।
