জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে নিত্যপণ্যের দাম সমন্বয় হবে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে নিত্যপণ্যের দাম সমন্বয় হবে

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পণ্যের দাম সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে চাহিদা বৃদ্ধি ও মানুষের মধ্যে অযাচিত ভয়ের সৃষ্টি হচ্ছে। বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে, কিন্তু সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তবে সরকার চেষ্টা করছে যেন সাধারণ মানুষের ওপর প্রভাব কম পড়ে।

সম্প্রতি ব্যাংক ঋণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যা জনগণের কল্যাণমূলক কাজে ব্যয় হবে। তবে এই ঋণের কারণে কিছু চাপ তৈরি হতে পারে।

সাংস্কৃতিক দিকেও নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া এবং ভারতের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী বছরের নববর্ষের আগেই এ বিষয়ে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণের কথা রয়েছে।

তিনি জানান, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে এক লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদার জন্য যথেষ্ট।

আরও পড়ুন