ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা আজ বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার পরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জামায়াত জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

জোটের মধ্যে বরাদ্দপ্রাপ্ত ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর ৯ জন ও এনসিপির ২ জন রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং জাগপার সভাপতি তাসমিয়া প্রধান।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম পরে মনোনয়নপত্র জমা দেবেন। যানজটের কারণে সময়মতো পৌঁছাতে বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খানের কাছে হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ ও জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচ এম হামিদুর রহমান আযাদ।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে প্রার্থী পাবে।

এদিকে, ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

৮ এপ্রিল ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। ভোট গ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত হয়েছে।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোট দিতে পারবেন, তবে দল বা জোটের বরাদ্দ অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়ার কারণে ভোটের প্রয়োজন হয় না।

আরও পড়ুন