রংপুরে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নকলমুক্ত পরিবেশে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তবে প্রথম দিনে ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন।
প্রথম দিনে কোনো কেন্দ্রে অসাধুপায় অবলম্বন কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসএসসি পরীক্ষার ২২১ জন, দাখিলের ২৮৯ জন, এবং এসএসসি ভোকেশনালের ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এ বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম এবং মহানগরে ২০ জন ট্যাগ অফিসার সার্বক্ষণিক তদারকি করছেন।
পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা একটি দীর্ঘ মেয়াদী পরীক্ষা। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইন শৃঙ্খলাবাহিনী যৌথভাবে কাজ করছে।
