এক পরিবারে দুই এমপির নীতিতে আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি

এক পরিবারে দুই এমপির নীতিতে আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি

জামায়াতে এক পরিবারে দুইজনকে সংসদ সদস্য হওয়ার সুযোগ দেওয়ার নীতি না থাকায় দলটির আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এ তথ্য জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জোটটির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর তিনি এ কথা জানান। উল্লেখ্য, জামায়াত আমিরের স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আছে। তবে শুধুমাত্র নীতিগত কারণে এক পরিবারে দুইজন সংসদ সদস্য দেওয়া হয়নি। তার পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জামায়াতের এ নেতার মতে, তাদের জোটের প্রতিনিধিরা সংসদে গিয়ে জনকল্যাণ ও দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবেন।

একই সঙ্গে, তাদের মনোনীত প্রার্থী বাছাইয়ে বিভিন্ন পেশাজীবী যেমন চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে, গেলো বছর সরকারি চাকরি ছাড়ায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের বিরুদ্ধে প্রার্থিতা বহাল থাকবে কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছে। হামিদুর রহমান আযাদ জানান, তাদের আশাবাদ, এই অভিযোগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হবে না।

আরও পড়ুন