আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জের একটি আদালত কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এই পরোয়ানা জারি হয়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। মামলাটি গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর বাদী হয়ে দায়ের করেন।

বিচারক সুমন কর্মকার পরে মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন, তবে আমির হামজা নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হননি। হুমায়ূন কবীর জানান, আদালতে হাজির না হওয়ায় বিচারক আজ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে মন্ত্রীকে নিয়ে মুফতি আমির হামজা একটি বক্তব্য দেন, যেখানে তিনি মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন।

বাদী হুমায়ূন কবীর বলেন, তার ওই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ প্রকাশের পর তিনি দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করেন। একই ঘটনায় গত ৩০ মার্চ এস এম নাজমুল ইসলাম আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

আরও পড়ুন