এলপিজি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে ১৮তম দিনের ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এই আহ্বান জানিয়েছেন।
আখতার হোসেন বলেন, জ্বালানি তেল নিয়ে আমরা বৈশ্বিকভাবে একটি সংকটের মধ্যে আছি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে একটি জ্বালানি সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমে যে তেল সংকটের খবর আসছে, সেখানে কিছু কৃত্রিম বিষয় রয়েছে এবং সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, গতকাল জ্বালানি সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এলপিজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রান্নাবান্নার কাজ করা মানুষের জন্য এটি সমস্যা তৈরি করছে।
আখতার হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে দাম বৃদ্ধি করা হয়েছে, সেটি মাত্রাতিরিক্ত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, রাতারাতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশের সংকট, বিশেষ করে অসাধু চক্রের মজুতদারি ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের শিথিলতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম একটি সহনীয় পর্যায়ে নামিয়ে এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার এখন সময়ের দাবি।
আখতার হোসেন বলেন, সরকার বলেছিল তারা দাম বাড়াবে না, কিন্তু পরিস্থিতির কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে। তিনি মনে করেন, দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
