বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণী ঐ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির জানানো অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন মূল্য দুইশো টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
পূর্ব গ্যালারির টিকিটের দাম সর্বনিম্ন দুইশো টাকা, পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ২৫০০ টাকা এবং স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চারটি জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ২৬ রানে জিতে সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
