জাতীয় সংসদে বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের ‘লাগামহীন’ গতি ও রাজস্ব আদায়ের দুর্বল পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
নতুন সরকার ক্ষমতা গ্রহণের ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ায় দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে রুমিন ফারহানা অর্থনীতির বর্তমান চিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরুতেই সেই লক্ষ্যমাত্রা ১০৮ শতাংশ ছাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে।
রুমিন ফারহানা সরকারের ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, করের আওতা বাড়ানোর বা রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না।
অর্থমন্ত্রী রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বলেন, ঋণের এই বিশাল অঙ্ক মূলত বিগত সরকারের রেখে যাওয়া দায়ের ধারাবাহিকতা। তিনি দাবি করেন, বর্তমান সরকার মাত্র দুই মাস হয়েছে দায়িত্ব নিয়েছে, তাই এই ঋণের সংখ্যাকে বর্তমান সরকারের কর্মফল হিসেবে দেখা ঠিক হবে না।
অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, “সরকারের মূল অর্থনৈতিক নীতিই হলো স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমান্বয়ে কমিয়ে আনা। এর প্রতিফলন আগামী বাজেট থেকেই দেখা যাবে।”
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ব্যবসায়ীরা বর্তমানে অস্তিত্বসংকটে রয়েছেন এবং শিল্পকারখানাগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। ট্যাক্স-জিডিপি অনুপাত আগের অবস্থায় ফিরিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার অর্থনীতিকে পুনরায় শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
