অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার উদ্যোগ থাকলেও ব্যবসায়ীরা নানা জটিলতায় পড়ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেলে আগারগাঁওয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা উঠে আসে। এনবিআরের শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে অংশ নেন। বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের (বিইএ) পক্ষে হারেস আহমেদ অভিযোগ করেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দিতে গিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। পুরোনো তথ্য অনলাইনে আপডেট না থাকায় নতুন করে রিটার্ন দাখিল করতে পারছেন না ব্যবসায়ীরা।
এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইন প্রক্রিয়া চালুর উদ্দেশ্য ব্যবসায়ীদের কাজ সহজ এবং স্বচ্ছ করা। তিনি বলেন, পুরোনো রিটার্ন অনলাইনে আপডেট না হওয়া বিষয়টি ব্যবসায়ীদের নিজ উদ্যোগে এন্ট্রি দেওয়ার সুযোগ ছিল। যাদের পেন্ডিং রয়েছে, তাদের দ্রুত অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।
হারেস আহমেদ আরও জানান, ভ্যাট অফিসে কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণে সমস্যার সমাধান হচ্ছে না। এনবিআর চেয়ারম্যান বিষয়টিতে অবগত হয়ে জানান, এ ধরনের জটিলতা থাকার কথা নয় এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন।
