অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, বিরোধীদলীয় নেতা বললেন—

অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, বিরোধীদলীয় নেতা বললেন—

দেশের প্রতিটি উপজেলা পরিষদের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে ফ্লোর নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিদের এই সুখবর জানান।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনে সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে, যাতে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে। এই কক্ষে এমপিরা দাফতরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন।

এরপর কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি সবসময় বিরোধিতার জন্য দাঁড়াই, আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বসার ব্যবস্থা হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। যদি মানুষের কাছে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এমপিদের প্রাপ্তির দিনে অপ্রাপ্তির খবরটি তুলে ধরতে চাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর এমপিদের জন্য আলাদা সুযোগ-সুবিধা না নেয়ার নির্দেশনা দিয়েছেন। এজন্য একটি আইনের সংশোধনী আনার কথা জানান তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের জন্য তেলের বরাদ্ধ ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, সংসদ সদস্য অফিস পেয়েছেন, তবে গাড়ি না পেলে অখুশি হবেন। সেজন্য প্রধানমন্ত্রীকে আলাদাভাবে আলোচনা করার জন্য অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ছোটদেরকে কখনো ‘না’ বলতে নেই। তাদের আবদারে সবসময় ‘হ্যাঁ’ বলতে হয়।’ তিনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পর মন্তব্য করেন, ‘আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পর বিরোধী দল থেকে মিষ্টি খাওয়ায়ে দিবো। কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেলাম।’

আরও পড়ুন