বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি, মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তাকে স্বাগত জানান প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি জুস ও ড্রিংকসের উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির ভোগ্যপণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন।
শরীফুল আলম বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির চাকা সচল রাখতে প্রাণ-আরএফএল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি ১ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা প্রশংসার দাবীদার।
তিনি আরও জানান, বর্তমান সরকার বেকারত্ব দূর করতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এসময় ইলিয়াছ মৃধা বলেন, “প্রক্রিয়াজাত খাদ্যপণ্য মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ। প্রাণ গ্রুপ সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।” বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ১৪৮টি দেশে পণ্য রপ্তানি করছে।
পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
