যশোরের কেশবপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করে রহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া রহিমা খাতুন উপজেলার মূলগ্রামের আব্দুল মতলেবের মেয়ে এবং পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
ঘটনার সময় তার শিশু কন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে শিশু নুসরাতের অবস্থার অবনতি ঘটেছে, জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মূলগ্রামে বাবার বাড়ির পাশে স্থানীয় বিদ্যালয়ের পেছনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা তার শিশু কন্যা এবং ছেলেকে বিষ পান করিয়ে নিজেও পান করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রহিমা মারা যান। শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত বলেন, মঙ্গলবার ভোরে গৃহবধূ মারা যান এবং শিশু নুসরাতের অবস্থাও আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য স্বজনদের জানানো হয়েছে।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
