দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্রুড অয়েলের চালান নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।
আজ (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৩টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে, যাতে রয়েছে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল। জাহাজটি হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি চট্টগ্রামের পথে অগ্রসর হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত ঢাকা পোস্টকে জানান, জাহাজটি ১৩ থেকে ১৪ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।
ক্রুড অয়েল সংকটের কারণে ১৩ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্রুড অয়েল রিফাইনারিতে আসার পর প্রসেসিং ইউনিট সচল করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি।
যদিও জ্বালানি বিভাগ জানিয়েছে, সরাসরি আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।
ইআরএলের কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন ও চারটি ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে কিছুদিন পরিশোধন কার্যক্রম চালু রাখা হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে।
