খুলনায় হামের উপসর্গ নিয়ে সাদী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা আসাদ শেখের তিন মাস বয়সী শিশু সাদী। তাকে গত ১৯ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় শিশুটির মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, গত ১৯ এপ্রিল তিন মাস বয়সি ওই শিশু হামের উপসর্গ এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে এসেছিল। ইমিউনিটি ফেল করার কারণে চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৮টি শিশু চিকিৎসাধীন।
