যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না বরং এটি খোলা রাখতে চায় যাতে তারা দিনে ৫০০ মিলিয়ন ডলার উপার্জন করতে পারে। ট্রাম্পের মতে, প্রণালিটি বন্ধ থাকায় ইরান প্রতিদিন ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, “আমি এটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছি বলেই তারা লোকদেখানোভাবে এটি বন্ধ করার কথা বলছে।” ট্রাম্প আরও জানান, মাত্র চার দিন আগে কয়েকজন ব্যক্তি তার কাছে এসে জানান, ইরান এখনই এই প্রণালি খুলে দেওয়ার পক্ষে।
ইরান প্রসঙ্গে ট্রাম্প তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “যদি আমরা চুক্তি করি, তবে ইরানের সঙ্গে সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।” ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানি কৌশলের দাবি প্রত্যাখ্যান করে জানান, গত ৪৭ বছরে যা হয়নি, তিনি তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, “আমি তাদের কী দিয়েছি? একটি বিধ্বস্ত দেশ!” ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে, বিমান বাহিনী শেষ হয়ে গেছে এবং তাদের পারমাণবিক গবেষণাগার ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন; ইরানি বাহিনী হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান, তবে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার কথাও বলেন।
