সরকার প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে

সরকার প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্দেশ্যে সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় ক্লাস ওয়ান শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস বিতরণ করা হবে।

প্রথম মাসে প্রায় ১ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে এই পণ্যগুলোর বিতরণের পরিকল্পনা রয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে সমতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে ধনীদের সঙ্গে দরিদ্রদের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য দেশের সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

এছাড়া, মাহদী আমিন উল্লেখ করেন যে, পাটের ব্যাগ বিতরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার সচেতনতা তৈরি করা হবে। তিনি বলেন, এটি একটি শিক্ষা হিসেবে কাজ করবে, যাতে কোমলমতি শিশুরা পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করে।

আরও পড়ুন