রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা তাদের ডাকা ২৪ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ইনচার্জের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তারা।

গত মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণ ছিল এক রোগীর স্বজনদের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে তানভীর আহমেদ তৌকির জানান, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। তিনি ব্যাখ্যা করেন যে, ওই রোগীর নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন ছিল এবং তাকে সিরিয়ালে রাখা হয়েছিল। কিন্তু আগে থেকেই রোগী থাকায় কোনো আইসিইউ শয্যা খালি ছিল না।

ওই রোগীর নাম জুলিয়ারা বেগম (৫০)। গত সোমবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর দুই ছেলে— সেনা সদস্য সোহেল আলী (২৯) এবং স্কুলের নৈশপ্রহরী জয় আলী (২৪) অভিযোগ করেন, অবহেলার কারণে তাদের মায়ের মৃত্যু হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ওই দুই ভাই চিকিৎসকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।

পরে পুলিশ দুই ভাইকেই আটক করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। জয়কে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়, আর সোহেলকে সামরিক আইনের আওতায় বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সোহেল মঙ্গলবার সেনা হেফাজত থেকে তার মায়ের জানাজায় অংশ নেন, আর জয় আদালত থেকে জামিন পাওয়ার পর জানাজায় যোগ দেন।

ইন্টার্ন চিকিৎসক তৌকির বলেন, ওয়ার্ডে মধ্যম সারির চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং ইন্টার্নদের নিরাপত্তা নিশ্চিত করাসহ চার দফা দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এসব দাবিতে ইতিবাচক সাড়া দেওয়ায় তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। রামেক মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে এবং মাত্র ২৬২ ইন্টার্ন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন