বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম আজ (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হয়েছেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল, ২১ এপ্রিল, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আজ সকালে জামিননামা দাখিল করা হয়।
শিল্পী বেগমকে ২০ এপ্রিল রাতে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এবং তাঁর বাসায় হামলার ঘটনা ঘটে। হামলায় আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং লুটপাট করা হয় তিন লাখ টাকার মালামাল।
এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা করা হয়।
