প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সরকার দেশের কোমলমতি শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় আগামী জুলাই থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের জন্য এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে দেশে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলো দেশের প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম মাসে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, পাটের ব্যাগ বিতরণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এটি কোমলমতি শিশুদের মধ্যে একটি ইতিবাচক শিক্ষার সূচনা করবে।

আরও পড়ুন