১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

দেশের ১৪টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছয় জেলা এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলতে থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার (২৫ এপ্রিল) রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২৬ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরপূর্বাংশে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা আরো কমতে পারে।

আরও পড়ুন