হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় ব্যবসায়ী সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রেস্টুরেন্টটিতে হঠাৎ আগুন জ্বলে উঠলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়েও যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে পারেনি। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
