মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কা, ৭ আহত

মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কা, ৭ আহত

মুন্সীগঞ্জে উল্টো পথে চলা একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন এবং নিরব হাওলাদার রয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে উল্টো পথে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন