জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী

জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী

মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর কাটিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)। তিনি বুধবার (২২ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে বাতিক এয়ারের (ওডি১৬২) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন। ৩০ বছর পর বাবাকে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর ব্র্যাক তাকে শরীয়তপুরে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

ব্র্যাক জানিয়েছে, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরিবার সময়ের সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিল তিনি হয়তো আর বেঁচে নেই।

আমির হোসেনের ছেলে বাবু তালুকদার জানান, তার বাবা মালয়েশিয়ায় রংয়ের কাজ করতেন এবং কিছু অর্থও পাঠিয়েছিলেন। তবে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দীর্ঘ সময় কোনো খোঁজ না পেয়ে পরিবার তার মৃত্যুর আশঙ্কা করেছিল।

সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী কয়েকজন বাংলাদেশি পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। সেখান থেকে তারা তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং প্রবাসী দিপুর প্রচেষ্টায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দেশে থাকা আমিরের পরিবার তাকে শনাক্ত করে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।

আরও পড়ুন