নেত্রকোণার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী এবং তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের নুর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়ার সঙ্গে বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে নুর ইসলামের লোকজন বাধা দেয়। এর পর উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ অভিযানে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
