পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস টিকা দিয়ে যেতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস টিকা দিয়ে যেতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সকল টিকার পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৬ মাস টিকা দেওয়া সম্ভব হবে।

আজ বুধবার দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘চায়না বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের ছয় মাসের (টিকার) মজুত আছে। যক্ষ্মা, বিসিজিসহ নয়টি টিকার সবগুলো আমাদের হাতে আছে।’ তিনি আরও জানান, ‘স্টকে এবং অন দ্য লাইনে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে। পরবর্তী ছয় মাস পর্যন্ত আমরা টিকা দিতে পারবো।’

সাখাওয়াত বলেন, ‘বিগত সরকারগুলো ২০২০ সালের পর থেকে ভ্যাকসিন দেয়নি, যে কারণে হাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘(হাম প্রতিরোধক) ভ্যাকসিনের স্টক ছিল না। আমরা দ্রুত গতিতে ভ্যাকসিন সংগ্রহ করে সারা দেশে টিকাদান শুরু করেছি।’

তিনি জানান, ‘জলাতঙ্কের টিকার সংকট হয়েছিল, কিন্তু স্থানীয়ভাবে সংগ্রহ করে আমরা সমাধান করেছি। অ্যান্টির্যাবিস ভ্যাকসিনের সবচেয়ে বড় উৎপাদক ইনসেপ্টা এবং পপুলার থেকে আমরা স্থানীয়ভাবে টিকা সংগ্রহ শুরু করেছি। আগামী দেড় মাসের মধ্যে আমাদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের বাফার স্টক আসবে।’

গ্রাম এলাকায় টিকার সংকট নেই উল্লেখ করে মন্ত্রী জানান, এমএসআর এবং এডিবি ফান্ড থেকে টিকা কেনা হচ্ছে।

সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে ‘ছয় ট্রাক চিকিৎসা সরঞ্জাম লুটের ঘটনা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো সমস্ত মালগুলো চেক করা যায়নি, তবে এগুলো লোহা জাতীয় জিনিস। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের পার্ট—আমরা ভিডিওতে যা দেখেছি।’

মন্ত্রী জানান, ‘ইতোমধ্যে একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন