নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ জুন প্রতিবেদন জমার জন্য নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২২ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ প্রদান করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতির ধারাবিবরণী তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করেন। আদালত শুনানি শেষে নতুন দিন ধার্য করেন।
এদিন মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও রবিউল ইসলাম।
সাইফুল ইসলামের জামিন আবেদন নিয়ে শুনানি করার ইচ্ছা প্রকাশ করেন তার আইনজীবী। তবে চিফ প্রসিকিউটরের উপস্থিতিতে এই শুনানি করার জন্য আবেদন জানান প্রসিকিউটর তামিম। পরে উভয়পক্ষকে শুনানির জন্য আগামী ২৯ এপ্রিল দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশের গুলির নির্দেশ দিয়েছিলেন। ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ তারিখ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এই ঘটনার পর ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ফের গুলি চালানোর সময় আরও একজন নিহত হন। গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে ২০ জনের মতো শহীদ এবং বহু মানুষ আহত হন।
