বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়। সভায় আগের সরকারের সময় নেওয়া উদ্যোগগুলোও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং বর্তমান সরকারের সময়কালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, তিনি ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা আবারও চালুর লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন