ইরান যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। কেরি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের মার্কিন প্রেসিডেন্টদের কাছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এ কেরি বলেন, ওবামা, বুশ এবং বাইডেন কেউই যুদ্ধের জন্য সম্মতি দেননি। তিনি দাবি করেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হননি কারণ তারা শান্তিপূর্ণ উপায়ের সব পথ যাচাই করে দেখেছিলেন।
কেরি যুক্তি দেন, ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, ‘ভিয়েতনা মযোদ্ধা হিসেবে আমি জানি, মার্কিন জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধের উদ্দেশ্যে মিথ্যা বলা হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না।’
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ কেরির বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে জানিয়েছে, নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ছিলো ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের ভবিষ্যদ্বাণী, যা বাস্তবে ঘটেনি।
নেতানিয়াহুর যুদ্ধ প্রস্তাব নিয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। ট্রাম্প এ বিষয়ে বলেন, ‘এটি আমার কাছে ভালো মনে হচ্ছে।’
জন কেরি বলেন, নেতানিয়াহুর উপস্থাপনাটি ছিল কেবল একটি ‘ভবিষ্যদ্বাণী’ এবং ইরানে শাসন পরিবর্তনের দাবি বাস্তবায়িত হয়নি। এছাড়াও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, যেখানে ভ্যান্স নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদী বক্তব্যের জন্য তাকে সতর্ক করেছিলেন।
