শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর ওপর নির্মিত এই সেতুর সংস্কারকাজের জন্য কর্তৃপক্ষ যান চলাচল সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। ১৯৯০ সালে নির্মিত সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কারকাজ চলাকালে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল করবে। রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত যানবাহন এক লেনে চলাচল করবে।
ঢাকা-সিলেট রুটের বিকল্প পথ হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ ব্যবহার করতে হবে। এছাড়া সৈয়দপুরবাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াতের জন্যও বিকল্প রুট নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, সেতুতে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। পরিবহন মালিক সমিতিও বিকল্প পথে চলাচলের প্রস্তুতি নিয়েছে। তিনি আরও জানান, ১০ ঘণ্টার মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
