হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ এবং উভয়ের যুদ্ধবিরতির অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে।

আজ বৃহস্পতিবার, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০৫.৬৩ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৯৬.৭৩ ডলারে বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যমতে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৪.০৬ শতাংশ বেড়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে, যা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক চতুর্থাংশ পণ্য পরিবহন করা হয়।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বর্তমানে এই প্রণালিটি আইআরজিসি নিয়ন্ত্রণ করছে। যুদ্ধ চলাকালে যদি কোনো জাহাজ হরমুজ পেরোতে চায়, তাহলে ক্যাপ্টেনকে আইআরজিসির অনুমতি নিতে হবে।

৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ৪০ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন, যা এখনও বলবৎ রয়েছে।

হরমুজ প্রণালির অবরোধের ফলে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

সূত্র: এএফপি

আরও পড়ুন